প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর

মোঃ রাফি হোসেন (নওগাঁ জেলা ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সবুজ নগর পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের বরাদ্দ অনুযায়ী সার নিতে মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রেজাউল করিমের গোডাউনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান কৃষকেরা। একপর্যায়ে সার শেষ হয়ে গেছে বলে জানানো হলে উপস্থিত কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সার বিতরণকেন্দ্রে হট্টগোল শুরু হয়।
এ সময় ঘটনার সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক রাশেদুজ্জামান। অভিযোগ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের কয়েকজন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে তিনি কোনোভাবে ঘটনাস্থল থেকে সরে গিয়ে রক্ষা পান।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, গোডাউনে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও বিতরণ শুরুর কিছুক্ষণ পরই সার শেষ হয়ে যাওয়ার কথা জানানো হয়। তাঁদের দাবি, গোডাউনে জায়গার সংকট দেখিয়ে কিছু সার অন্যত্র রাখা হয়েছিল। সকালে গোডাউন খোলার পর আগের তুলনায় সেখানে প্রায় অর্ধেক সার কম দেখা যায় বলেও অভিযোগ করেন তাঁরা।
সার বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকদের দাবির মুখে পরবর্তী সময়ে সার বিতরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সার বিতরণে অনিয়মের অভিযোগ এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় কৃষক ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সার মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগ এবং সাংবাদিকের ওপর হামলার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী, অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য কিংবা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪